ধুনটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
র
রেহানুল হক রিকো : জনতার দৃষ্টি
আপডেট: 1 week ago

ধুনটে আদালতের নির্দেশ অমান্য: নলডাঙ্গা বাজারে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বাঁশের বেড়া দিয়ে গাছ রোপণ করে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মামলার বিবাদীদের বিরুদ্ধে। এতে প্রতিষ্ঠানগুলোতে ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সুযোগে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বাসিন্দা রুস্তম আলী মণ্ডল ধুনট মৌজার ৫০১ নম্বর দাগে পাকুড়িহাটা গ্রামের মোতরাজ, কাইনচা, জলিল, করিম ও আজিজার নামের পাঁচ ব্যক্তির কাছ থেকে ৭৭ শতক জমি কেনেন। এরপর থেকে তাঁর ছেলে হাসান আলী ওই জমিতে নলডাঙ্গা বাজারে আধাপাকা স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি গড়ে তুলে ভোগদখল করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, প্রায় দুই মাস আগে জমির বিক্রেতা পরিবারের সদস্যরা নকশা ও জমির পরিমাণ নিয়ে আপত্তি তুলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ ঘটনায় হাসান আলী বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রফিকুল ইসলাম ও বাদশা মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, নিষেধাজ্ঞা জারির পরও শুক্রবার দুপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বাঁশের বেড়া দেওয়া ও গাছ রোপণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। এতে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না। এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিষ্ঠানের সামনে বেড়া দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






