ধুনটে পাটের গুদামে দুঃসাহসিক চুরি, খোয়া গেল ১০০ মণ পাট
শ
শাহ্ আলম জীবন : জনতার দৃষ্টি
আপডেট: 4 weeks ago

ধুনটে অভিনব চুরি: গুদামের তালা কেটে ১০০ মণ পাট নিয়ে চম্পট চোরের দল
বগুড়ার ধুনটে একটি গুদামের সাটারের তালা কেটে প্রায় ১০০ মণ পাট চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া পাটের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে গুদামে গিয়ে বিষয়টি জানতে পারেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার উল্লাপাড়া গ্রামের খাজা মঈন উদ্দিন ও কলেজপাড়া এলাকার সঞ্জয় কুমার যৌথভাবে বিভিন্ন পণ্য মজুতের ব্যবসা করেন। প্রায় দুই মাস আগে তারা পাট কিনে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি এলাকায় একটি ইটভাটার পাশে গুদাম ভাড়া নেন। সেখানে প্রায় ১ হাজার ২০০ মণ পাট মজুত করা হয়েছিল।
গুদামটিতে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। তবে ব্যবসায়ীরা নিয়মিত সেখানে গিয়ে পাটের মজুত ও গুদামের অবস্থা দেখে আসতেন। এর মধ্যেই শুক্রবার রাত থেকে শনিবার বিকেলের কোনো একসময় গুদামের সাটারের দুটি তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের।
ব্যবসায়ী সঞ্জয় কুমার বলেন, শনিবার বিকেলে প্রতিদিনের মতো গুদামে গিয়ে সাটারের দুটি তালা কাটা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে পাট কম দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। তাঁর দাবি, চুরি যাওয়া পাটের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






