ধুনটে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ধ
ধুনট বগুড়া - প্রতিনিধি
আপডেট: 1 month ago

ধুনটে ২ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা সম্পন্ন: আগামী বছরের সেরাকে বিনামূল্যে ওমরাহ দেয়ার ঘোষণা
বগুড়ার ধুনট উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ধুনট উপজেলার পাঁচথুপী মিয়াপাড়া জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট আলেম মুফতি ইলিয়াস হাসান কাসেমী। পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মীর আলহাজ রহমতুল-বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধুনট ও পার্শ্ববর্তী কাজিপুরসহ বিভিন্ন অঞ্চলের ওলামায়ে কেরাম, শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই দ্বীনি প্রতিযোগিতায় মোট ১৪টি মাদ্রাসার ২২৫ জন শিক্ষার্থী কয়েকটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই শেষে কেরাত, হিফজুল কোরআন, আসমাউল হুসনা ও বাংলা বক্তৃতা—এই চার বিভাগে প্রথম স্থান অর্জন করে আয়োজক প্রতিষ্ঠান পাঁচথুপী মিয়াপাড়া মাদ্রাসা। এছাড়া হামদ-নাত প্রতিযোগিতায় বোয়ালকান্দি দারুল উলুম মাদ্রাসা এবং আরবি বক্তৃতায় কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা প্রথম স্থান অধিকার করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। আগামী বছর অনুষ্ঠিতব্য সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতায় যে শিক্ষার্থী সামগ্রিক ফলাফলে প্রথম স্থান অর্জন করবে, তাকে আয়োজকদের অর্থায়নে বিনামূল্যে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। এই ঘোষণায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চরম উদ্দীপনা সৃষ্টি হয়। আলোচনা সভা ও মেধা যাচাই পর্ব শেষে বিজয়ী হাফেজ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।





