বগুড়া ধুনটে আগুনে পুড়ল জীবনের শেষ সম্বল: দিশেহারা এক হিন্দু পরিবার
শ
শাহ্ আলম জীবন : জনতার দৃষ্টি
আপডেট: 1 month ago

রান্না করার সম্বলটুকুও নেই: ধুনটে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই, সাহায্যের আকুতি
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের পশ্চিমপাড়ায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শ্রী সুজন কুমারের বসতবাড়ির দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শ্রী সুজন কুমার (পিতা: মৃত দুলাল চন্দ্র) জানান, হঠাৎ ঘরে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, স্টিলের আলমারি, আসবাবপত্র, কাপড়-চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।
এছাড়া ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রাখা প্রায় ৩ লাখ টাকা নগদও আগুনে পুড়ে গেছে বলে দাবি করেন তিনি। সবকিছু মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় পরিবারটি।
অগ্নিকাণ্ডের সময় বাড়িতে সুজন কুমারের মা, বৃদ্ধা দাদি ও দুই সন্তান ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা কোনোভাবে ঘর থেকে বের হয়ে নিরাপদে আশ্রয় নিলেও ঘরের ভেতরের মালামাল বের করে আনার সুযোগ পাননি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। থাকার মতো ঘর, প্রয়োজনীয় আসবাবপত্র ও রান্নার সামগ্রী—সবই আগুনে পুড়ে গেছে। আজ কীভাবে রান্না করে খাবেন, সেই অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে পরিবারটির।
পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবহার্য সামগ্রী পুড়ে যাওয়ায় নতুন করে ঘর তৈরি কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য তাদের নেই।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে।






