ধুনটে হঠাৎ রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন: চরম দুর্ভোগে দুই গ্রামের হাজারো মানুষ
ম
মোঃ মামুনুর রশিদ
আপডেট: 1 month ago

ধুনটে সড়ক ধসে ভোগান্তি: অবরুদ্ধ দুই গ্রামের বাসিন্দা, অবিলম্বে সংস্কারের দাবি।
বগুড়ার ধুনট পৌরসভার ৮ নং ওয়ার্ডের চান্দারপাড়া থেকে দাসপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের একাংশ ধসে পড়ে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সড়কটি ধসে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর খাদের, যার ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে দুই গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরোজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি আঃ মোমিনের বাড়ি থেকে মোঃ চান সরকারের বাড়ির মাঝামাঝি অংশের মাটি ও ইটের গাথুনি ব্যাপকভাবে ধসে গেছে। পরিস্থিতি পর্যালোচনায় আজই ধুনট পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত স্থানটি সরেজমিন তদন্ত করেন।
ধসে পড়া এই রাস্তার কারণে চান্দারপাড়া ও দাসপাড়া এই দুই গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিদিনের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে অবর্ণনীয় কষ্টে দিন পার করছেন স্থানীয়রা। জীবনের ঝুঁকি নিয়ে ধসে যাওয়া অংশের ওপর দিয়েই হেঁটে চলাচল করছে কোমলমতি শিক্ষার্থীরা।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মোঃ সুরুজ সরকার ও মোছাঃ রোজিনা জানান, অতিবৃষ্টির ফলে যখন প্রথম সেখানে ছোট গর্তের সৃষ্টি হয়েছিল, তখনই পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছিল। কিন্তু সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার করা হলে আজ পুরো রাস্তাটি ধসে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জহুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন এবং স্থানীয় প্রতিনিধি মোঃ সাইদুল ইসলামসহ এলাকাবাসী অবিলম্বে সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণ ও ড্রেন নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, পূর্বে এখানে ড্রেন নির্মাণের জন্য মালামাল আনা হলেও পরবর্তীতে তা রহস্যজনকভাবে ফেরত নিয়ে যাওয়া হয়। ড্রেন নির্মাণের মালামাল ফেরত নেওয়ার বিষয়ে জানতে চাইলে ধুনট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাজেদী হক এবং কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।
তবে সড়কটির বর্তমান বেহাল অবস্থা ও পুনর্নির্মাণ প্রসঙ্গে কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু জানান, তাঁরা আজ ১৭ সেপ্টেম্বর স্থানটি সরেজমিনে গিয়ে সার্বিক ক্ষয়ক্ষতি তদন্ত ও পরিদর্শন করেছেন।
পরবর্তীতে মুঠোফোনে ধুনট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাজেদী হক জানান,
উক্ত স্থানটিতে টেকসই সংস্কারের জন্য প্রয়োজনীয় সকল দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত রাস্তাটি মেরামতের কাজ শুরু হবে।






