বগুড়ার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ন
নিজস্ব প্রতিবেদক: জনতার দৃষ্টি
আপডেট: 1 month ago

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ খাদ্য প্রতিমন্ত্রীর।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ-অপছন্দ বা আদর্শ থাকলেও পেশাগত দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার কঠোর আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী, এমপি।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে আয়োজিত ‘বগুড়া জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, “স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার ডিজিটালাইজেশন ও অটোমেশন কার্যক্রম জোরদার করেছে। সাধারণ মানুষের দ্বারে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
বগুড়াকে একটি নিরাপদ ও সমৃদ্ধ মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করতে হবে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা। তিনি শহরের যানজট নিরসন ও নাগরিক সুবিধা সম্প্রসারণে জেলা প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মুহিত তালুকদার এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য জনাব মোর্শেদ মিল্টন। তাঁরা নিজ নিজ অঞ্চলের কৃষি, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের বর্তমান চিত্র তুলে ধরেন।
বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম আহমেদ পিপিএম তাঁর বক্তব্যে বলেন, “জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।” অনুষ্ঠানে জেলা পরিষদ, বগুড়ার প্রশাসক জনাব এ.কে. এম আহসানুল তৈয়ব জাকির জেলা পরিষদের চলমান উন্নয়ন মূলক কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করেন।
সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ প্রধানগণ এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিকুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং জনস্বার্থে গৃহীত সকল উন্নয়নমূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষার সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের প্রতিশ্রুতির মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।






